আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারস (এএসসিই) আয়োজিত আন্তর্জাতিক ‘এএসসিই স্টুডেন্ট সিম্পোজিয়াম’-এর টেকসই সমাধান বিষয়ক প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলে চতুর্থ স্থান অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘টিম এএসসিই চুয়েট’।
এএসসিই প্রতিবছর তাদের এ প্রতিযোগিতায় বিশ্বকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে আয়োজন করে।
অঞ্চল-১০-এর আওতায় বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের জন্য আবেদন করে। সেখান থেকে বাছাই করে ১৫টি দলকে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এসব দলের প্রকল্প প্রতিবেদন ও উপস্থাপনার মূল্যায়নে চুয়েটের দলটি চতুর্থ স্থান লাভ করে।
তাদের প্রকল্পের শিরোনাম ছিল ‘প্রজেক্ট জি.আর.সি - গ্রিন রেজিলিয়েন্ট কম্পিউট ক্যাম্পাস’।
জানা গেছে, প্রতিটি অঞ্চলের ফলাফল পৃথকভাবে নির্ধারণ করা হয়। অঞ্চল-১০-এ ভারতের একটি দল শীর্ষস্থান অর্জন করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।
দলের নেতৃত্বদানকারী চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাইসা শারমিন মুর্তজা বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে প্রথমবারের মতো চুয়েটকে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। পুরো প্রক্রিয়াটি ছিল চ্যালেঞ্জিং, তবে অত্যন্ত শিক্ষণীয়। দলের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষকদের দিকনির্দেশনায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।’
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চুয়েটের শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জন করবে।
এএসসিই চুয়েট চ্যাপ্টার সূত্রে জানা যায়, পাঁচ সদস্যের দলে ছিলেন রাইসা শারমিন মুর্তজা, মো. রাসেল, সানি উল হক, পল্লব বিশ্বাস ও ফাহিম নুজহাত জাহিন- যারা সবাই পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।
সংগঠনটির অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. আয়েশা আখতার বলেন, ‘এ অর্জন নিঃসন্দেহে গর্বের। শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল এটি। সরাসরি অংশগ্রহণের সুযোগ পেলে তারা আরও ভালো ফল করতে পারতো।’
এ সাফল্যের পেছনে সহায়ক হিসেবে কাজ করেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থীও।
সামগ্রিক কার্যক্রমে অনুষদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আয়েশা আখতার।
ইবাদ হোসেন/অমিয়/