ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের মৃত্যুতে, বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপকে গ্রেপ্তারের ঘটনায় সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে তাকে সব ধরনের একাডেমিক দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৭ এপ্রিল) বিভাগটির চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, মেহজাবিনের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং এ ঘটনায় ড. সুদীপের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগের ২০২৪ সালের এমএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিভাগ শোকাহত। ঘটনার পর সংশ্লিষ্ট শিক্ষককে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে এবং মামলার প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।’
এদিকে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরিফ জাওয়াদ/নাঈম


