ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, ইউএনও, সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
জানা গেছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। সেই অনুযায়ী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পূর্বঘোষিত সময় অনুযায়ী সকালে দায়িত্ব গ্রহণের উদ্দেশে ক্যাম্পাসে আসেন মোহাম্মদ ইকবাল। তবে তার আগমনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি অংশ ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে বিক্ষোভ শুরু করে এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগত কাউকে ভিসি হিসেবে নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দিতে হবে।
এ সময় নতুন ভিসিকে স্বাগত জানাতে আসা শিক্ষার্থীদের একটি গ্রুপ মূল ফটক খুলে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্যাম্পাসের ভেতর ও বাইরে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেটের ভেতরে অবস্থান নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ বাইরে থাকা শিক্ষার্থী ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। জবাবে বাইরে থাকা শিক্ষার্থীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষের একপর্যায়ে গেটের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পুরো এলাকা তখন রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে গাজীপুর মহানগর পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহত হয়েছেন গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেনও। এছাড়া কয়েকজন সাংবাদিক ও অন্তত ৮ থেকে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নবনিযুক্ত ভিসি ড. মোহাম্মদ ইকবাল নিরাপদ স্থানে অবস্থান করছেন।
পলাশ প্রধান/এসজি/