জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করেছে নারী শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম ‘নারী নিরাপত্তা মঞ্চ’।
বুধবার (২০ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নতুন কলা ভবন প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে গিয়ে মিছিল শেষ হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, গত ১২ মে রাতে পুরাতন ফজিলাতুন্নেছা হল চত্বরে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এটিকে তারা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না, বরং ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে চলমান নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত প্রকাশ বলে মনে করছেন। অতীতে ঘটে যাওয়া একাধিক যৌন নিপীড়ন, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা আবার ঘটছে।
৬ দফা দাবি উপস্থাপন
সংবাদ সম্মেলনে ‘নারী নিরাপত্তা মঞ্চ’-এর পক্ষ থেকে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো–৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা, প্রথম দাবি পূরণে ব্যর্থ হলে প্রশাসনকে দায় স্বীকার করে প্রক্টরসহ পুরো প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে, হয়রানি রোধে প্রক্টরিয়াল বডির অধীনে কার্যকর ‘কুইক রেসপন্স টিম’ গঠন এবং ২৪ ঘণ্টা সক্রিয় ইমার্জেন্সি হটলাইন চালু করা, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইডিভিত্তিক ডেটাবেজ তৈরি, প্রবেশদ্বারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং অরক্ষিত পথগুলো বন্ধ করা, বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর সংস্কার ও নিরাপত্তা বাউন্ডারি নিশ্চিত করা এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগ, কুইক রেসপন্স টিমে তাদের অন্তর্ভুক্তি এবং শিক্ষার্থীদের জন্য সাইবার সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
গত ১৩ মে রাতে ২ হাজারেরও বেশি শিক্ষার্থী মশাল মিছিল করে রেজিস্ট্রার ভবন ঘেরাও করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে আলোচনায় ছয় দফা দাবি চূড়ান্ত হয়। অপরাধীদের গ্রেপ্তার ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
এদিকে, গতকাল মঙ্গলবার ‘নিরাপদ ক্যাম্পাস আন্দোলন’ নামে আরেকটি নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকে নতুন করে গতিশীল করতে এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। তারাও ছয় দফা দাবি জানিয়েছে।
শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন।