বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ উপলক্ষে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিয়ে সচেতনতা গড়ে তুলতে পরিবেশবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (বিআইই) এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ আয়োজনে একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আইএবি সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এই সেমিনারের শিরোনাম ছিল- ‘Climate Resilience and Sustainable Development: The Bangladesh Context’.
সেমিনারে মূলত পরিবেশবান্ধব জীবনযাপন, গ্রিন বিল্ডিং এবং প্রাকৃতিক ও নির্মিত পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই উন্নয়নের পথ নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বার্জার পেইন্টসের চিফ অব আরঅ্যান্ডডি এএসএম ওবায়দুল্লাহ মাহমুদ তাদের পরিবেশগত উদ্যোগ ও পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত পরিকল্পনাবিদ ড. কাজী আজিজুল মাওলা। এ ছাড়া টেকনিক্যাল ও মোটিভেশনাল বক্তব্য দেন মো. নাফিজুর রহমান ও ড. আফসানা পারভীন। আলোচনায় আরও অংশ নেন বিআইই-এর সভাপতি প্রকৌশলী এসএম খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক স্থপতি মো. মাহামুদুর রহমান পাপন।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের শহরাঞ্চলে বায়ুদূষণ দিন দিন বাড়ছে, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে বার্জার পেইন্টসের উদ্ভাবনী পণ্য ‘ইকো কোট’ দেশের জন্য একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ।
দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো পরিবেশবান্ধব ও বায়ুদূষণ প্রতিরোধী এই পেইন্টে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক এয়ার পিউরিফাইং হাইব্রিড (এপিএইচ) টেকনোলজি, যা বায়ুতে থাকা ক্ষতিকর গ্যাস ও রাসায়নিক দূষণ দূর করে পরিবেশকে করে তোলে আরও বাসযোগ্য।
বার্জারের পক্ষ থেকে এএসএম ওবায়দুল্লাহ মাহমুদ বলেন, ‘ইকো কোট শুধু পেইন্ট নয়, এটি এক ধরনের পরিবেশগত প্রতিশ্রুতি। এটি পরিবেশের ক্ষতি না করে বরং বায়ু পরিশোধনের মাধ্যমে সুস্থ জীবনধারা গঠনে সহায়তা করে।’ তিনি আরও বলেন, ‘ভোক্তাদের প্রয়োজন মেটানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই বার্জারের লক্ষ্য এবং ইকো কোট তার একটি উজ্জ্বল উদাহরণ।’
সেমিনারে আলোচিত হয়, ইকো কোট ব্যবহার করলে ঘরের বায়ুদূষণ প্রায় ৯০% পর্যন্ত হ্রাস পায়, যা দীর্ঘমেয়াদে শ্বাসজনিত রোগ, অ্যালার্জি ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক। একই সঙ্গে এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ঘরের ভেতর একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখে।
বার্জার পেইন্টস এবং বিআইই ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় ও আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, টেকসই ও দূষণমুক্ত ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে সেমিনারে জানানো হয়।
বিজ্ঞপ্তি/তাওফিক/