উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে ‘ফাইন্যান্সিয়াল ও ক্যারিয়ার লিটারেসি প্রোগ্রাম–২০২৬ (সিজন ১)’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ এপ্রিল উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই সেমিনার। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের উদ্যোগে এবং ইউ ইউ বিজনেস ক্লাবের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে সচেতন করে তোলা, যাতে তারা প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা পেয়ে বৈশ্বিক প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন ড. ইশরাত হোসেন। তিনি শিক্ষার্থীদের জন্য ফাইন্যান্সিয়াল ও ক্যারিয়ার লিটারেসির গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এম নাজিম এ চৌধুরী, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং, প্রাইম ব্যাংক পিএলসি। কী-নোট বক্তব্যে তিনি ক্যারিয়ার উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতের চাকরির বাজারে ডাটা সায়েন্স, এআই-ভিত্তিক শিক্ষা এবং যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শায়লা আবেদিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং। তিনি তার অভিজ্ঞতার আলোকে বিশেষ করে নারীদের ক্যারিয়ার উন্নয়ন, ধৈর্য এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আরও উপস্থিত ছিলেন এম এম মাহবুব হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং, যিনি আর্থিক অন্তর্ভুক্তি এবং স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি সচেতন প্রজন্ম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে একটি পোস্টার প্রেজেন্টেশন সেশনও অনুষ্ঠিত হয়, যেখানে ১০টিরও বেশি শিক্ষার্থী দল তাদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী ধারণা উপস্থাপন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মহিউদ্দিন, রেজিস্ট্রার, উত্তরা ইউনিভার্সিটি। এছাড়া ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সোয়েব মো. শোয়েব নোমানসহ অন্য সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দেন ড. ইশরাত হোসেন। তিনি অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তি/এসজি/