মৌলভীবাজারে বাবার হাতে মাহিদ নামে সাত বছর বয়সী এক শিশু নির্মমভাবে খুন হয়েছে। ঘটনার পর শিশুর বাবা খোকন মিয়া ও দাদি নিজ ঘরে মরদেহ রেখে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে পুলিশ খোকনকে আটক করে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় দীর্ঘদিন মাদক ব্যাবসা করে আসছেন। রবিবার বিকেলে খোকনের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া শিশু মাহিদ বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে ঘরের বাইরে এনে ব্যাপকভাবে পেটাতে থাকেন। একপর্যায়ে শিশু মাহিদ সেখান থেকে পালিয়ে প্রতিবেশি যবেদা খাতুনের ঘরে আশ্রয় নিলে সেখান থেকে ধরে এনে আবারও মারতে থাকে খোকন। এ সময় শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখলে খোকন তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, হাসপাতালে মৃত্যুও কারণ নিয়ে চতুরতার আশ্রয় নেন খোকন। গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মরদেহ বাড়ি নেওয়ার কথা বলে সে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জেলগেট এলাকা থেকে পুলিশ খোকনকে আটক করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় সদর উপজেলার জেলগেট এলাকা থেকে শিশুর বাবা খোকন মিয়াকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানা নিয়ে আসা হয়েছে।
পুলক/তাওফিক/