চট্টগ্রামে সয়াবিন তেলের সরবরাহ থাকার পরও গুদামে মজুত করে কৃত্রিমসংকট তৈরি করায় দুই খুচরা ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মহানগরের মমিন রোড ও রিয়াজউদ্দিন বাজারে অভিযানটি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এতে আরও অংশ নেন সহকারী পরিচালক রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।
জানা গেছে, নগরের মমিন রোড এলাকার মেসার্স শরীফ স্টোরের মালিক বোতলজাত সয়াবিন তেল মজুত করে কৃত্রিমসংকট তৈরি করেন। পরে দোকানের পেছনে গুদামে অভিযান চালিয়ে ২০০ লিটার তেল পাওয়া যায়। তেলগুলো স্থানীয় ক্রেতাদের কাছে আসল দামে বিক্রির ব্যবস্থা করে ভোক্তা অধিকার টিম। পাশাপাশি এই দোকানমালিক গত রবিবার বেশি দামে তেল বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে নগরের রিয়াজউদ্দিন বাজারে অবস্থিত সিদ্দিক আহমেদ চৌধুরীর স্টোরেও অভিযান চালায় ভোক্তা অধিকার টিম। ক্রেতার কাছে সয়াবিন তেল বিক্রি না করে সংকট দেখিয়ে গুদামে তেল মজুত করায় দোকানমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া মমিন রোড এলাকায় অবস্থিত হাজি জালাল স্টোরে নকল চেরি ফল বিক্রি, নকল ডানো দুধ বিক্রি করায় দোকানমালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।