ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৩২৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজারমূল্য ২৭ লাখ ৯০ হাজার টাকা।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এর আগে এদিন ভোরে উপজেলার সূর্য্যপুর ও গোবরাকুড়া বিওপি এলাকা থেকে জিরাগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, সূর্য্যপুর ও গোবরাকুড়া বিওপি এলাকা দিয়ে চোরাকারবারি চক্র অভিনব উপায়ে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করছিল। বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালালে চোরাকারবারি চক্র দৌড়ে পালিয়ে যায়। এ সময় ২ হাজার ৩২৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, ‘সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা দিন-রাত সতর্ক রয়েছে। ফলে চোরাকারবারিদের আটকসহ বিভিন্ন পণ্যসামগ্রী ও মাদক জব্দ করা হচ্ছে।’
মিন্টু/তাওফিক/