আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর সাহেব আলহাজ হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম। অশান্তি কিংবা বিশৃঙ্খল জীবন কারও কাম্য নয়। বছরের মধ্যে এক মাস আমাদের জন্য রোজা মহান আল্লাহতায়ালা ফরজ করেছেন। এতে রোজাদাররা এর তাৎপর্য ও শিক্ষা উপলব্ধি করে সেই অনুযায়ী আমল করতে পারেন। দরিদ্র মানুষের প্রতি সহমর্মী করে তোলে।’
বুধবার (১২ মার্চ) বাদ জোহর পিরোজপুর নেছারাবাদ উপজেলার ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম দিন উপস্থিত মেহমানদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
ছারছীনার পীর বলেন, ‘রোজা আমাদের প্রথমত তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষ রেখে থাকে। কেননা মানুষ চাইলে লোকচক্ষুর অন্তরালে পানাহার করতে পারে। কিন্তু একজন রোজাদার তা করেন না। তিনি একনিষ্ঠভাবে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে রোজা রাখেন। আর এটাকেই বলা হয় ইখলাস। আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ইখলাসই পূর্বশর্ত। রোজা আমাদের এই ইখলাস অর্জন করতে শেখায়।’
তিনি আরও বলেন, ‘রমজান সহমর্মিতার মাস। ধনাঢ্য ব্যক্তি যখন রোজা রাখেন, তখন তিনি বুঝতে পারেন যে, রোজা থাকার যন্ত্রণা কতটা কষ্টদায়ক! তখন তিনি দরিদ্রদের প্রতি সহমর্মী হন। রমজানের পরে বাকি সময়ও যেন আমরা সহমর্মী হই, রোজা আমাদের সেই শিক্ষাই দেয়। এছাড়াও গিবত তথা পরনিন্দা, অশ্লীলতাসহ বিভিন্ন পাপাচার থেকেও আমাদের রোজা বিরত থাকতে শিক্ষা দেয়। তাই রোজার বিভিন্ন ধরণের শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম।’
ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ছাহেব। ৩ দিনব্যাপী মাহফিলের প্রথম দিন গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার নায়েবে মদীর মাওলানা মো. মামুনুল হক, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম প্রমুখ।
আজ (বৃহস্পতিবার) মাহফিলের দ্বিতীয় দিন। শুক্রবার বাদ জুমা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।