ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য আরোহী।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে শিবালয় উপজেলার ধুলন্ডী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইয়াসিব। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপ নগর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। আহত ব্যক্তির নাম সালাউদ্দিন। তিনি একই উপজেলার বাসিন্দা।
এ প্রসঙ্গে বরংগাইল হাইওয়ে পুলিশের এসআই ইসরাফিল জানান, ইয়াসিব ও সালাউদ্দিন মোটরসাইকেলে শিবালয় এলাকায় যাছিলেন। এসময় পাটুরিয়ামুখী একটি কাভার্ডভ্যান ধুলন্ডী এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক ইয়াসিব ঘটনাস্থলেই নিহত হন ও আরোহী সালাউদ্দিন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানসহ চালক পাটুরিয়ায় পালিয়ে গেলেও পরে সেখান থেকে তাকে আটক করা হয়।
আহত সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
আসাদ জামান/নাইমুর/