বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্বের জেরে মাদারীপুরের রাজৈরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (১৪ এপ্রিল) রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্বের জেরে রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী রাজৈর উপজেলা সদরের বেপারীপাড়া মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। দুই গ্রামের মধ্যে এ সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, ১০-১২টি দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগে ও লুটপাট চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা যৌথভাবে তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১৪৪ ধারা জারির আদেশে বলা হয়, যেহেতু প্রায় ০৭ (সাত) দিন হতে রাজৈর বাজার সংলগ্ন পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের মধ্যকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত বিরতিতে দেশীয় অস্ত্রসহ মারামারি, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনীসহ বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা চলছে। এ সকল আইন-শৃঙ্খলা বিনষ্টকারী ঘটনা বন্ধে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি মতে ১৪৪ ধারা জারী করা আবশ্যক, সেহেতু আমি মো. মাহফুজুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, রাজৈর ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা এবং গোপালগঞ্জ এলাকায় এক বা একাধিক ব্যক্তির চলাফেরা, সভা-সমাবেশ, শোভাযাত্রা, মাইকের ব্যবহার, লাঠিসোটা বা যেকোনো প্রকারের আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করলাম। দায়িত্ব পালনরত আইন-শৃঙ্খলা বাহিনী ও জরুরী সেবা প্রদানে নিয়োজিতদের ক্ষেত্রে এ আদেশ শিথিল থাকবে। এই আদেশ কেবলমাত্র অদ্য বেলা ১-০০ ঘটিকা হতে রাত ০১-০০ ঘটিকা পর্যন্ত বলবত থাকবে। অদ্য ১৪-০৪-২০২৫ খ্রি তারিখে আমার স্বাক্ষর ও সিল মোহরযুক্ত এ আদেশ জারী করা হলো ।
সিফাত/