পবিত্র হজ পালন শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রথম ফ্লাইটে ফিরেছেন ৪১৩ হাজি।
মঙ্গলবার (১৭ জুন) সকালে এই বিমানবন্দর দিয়ে ফেরেন তারা।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে এ বছর ৫ হাজার ১৮৮ হাজি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ নামের প্রথম ফিরতি হজ ফ্লাইট ৪১৩ হাজি নিয়ে বিমানবন্দরে অবতরণ করে।’
এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিক অভ্যর্থনার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা।
চলতি মৌসুমে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হয় শনিবার (৩ মে)। সেদিন বিকাল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায়। প্রথম এই হজ ফ্লাইটটি সৌদি আরবের সময় রাত ৯টা ৪৫ মিনিটে পৌঁছায়।
চট্টগ্রাম থেকে এ বছর মোট ৫ হাজার ১৮৮ হাজি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন।
গত বছর হজ পালনের জন্য যায় ৮ হাজার ধর্মপ্রাণ মুসলমান। অপরদিকে ২০২৩ সালে চট্টগ্রাম থেকে ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে যান। তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে হজযাত্রীর সংখ্যা ছিল প্রায় ১২ হাজার।
তারেক/পপি/