নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দেখতে এসে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফের হাতে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩) ও মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩) নামে দুই কলেজছাত্র আটক হয়েছেন। তাদের পতাকা বৈঠকের পর উদ্ধার করে থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক নওগাঁ ডিগ্রি কলেজের ছাত্র মোহাম্মাদ মিনহাজুল ইসলাম নওগাঁ জেলার বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে এবং সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে।
বিজিবি কর্তৃক সাপাহার থানায় করা মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ওই দুই বন্ধু বিকেল সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬নং পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভূখণ্ডে ঢুকে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশি দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটক ওই দুই ছাত্রকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন বিজিবির অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।
শফিক/মেহেদী/