সাভারের আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধসহ ভবনের দেয়াল ধসে আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট-সংলগ্ন জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধ ও আহতরা হলেন- জাহানারা বেগম (৪০), হাওয়া আক্তার (২৩), মো. জুয়েল (২৪), মো. শান্ত (২১), জহুরুল ইসলাম (২৬) এবং নাসির (৩৮)।
বাড়ির ম্যানেজার প্রত্যক্ষদর্শী শামীম মিয়া বলেন, ‘নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের সিলিন্ডার গ্যাসের লাইনে লিকেজ ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় সারা রাত গ্যাস বের হয়ে ওই ঘরে জমে ছিল। পরে সকালে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির দেয়াল ধসে পড়ে। বিকট শব্দের কারণে পাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গেছে। এ সময় নারীসহ ভাড়াটিয়াদের ছয়জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।’
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, ‘সকালে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণে নিচতলার কক্ষের একপাশের দেয়াল ধসে পড়েছে। অপর পাশের আংশিক দেয়াল ধসে পড়েছে। মূলত সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে কক্ষে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে আসা মাত্রই বিস্ফোরণ ঘটেছে। এ সময় গৃহিনী এক নারী দগ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪-৫ জন। তাদের স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।’
ইমতিয়াজ/সালমান/