আওয়ামী লীগের একটি মেশিন দিয়ে রাজাকারদের মুক্তিযোদ্ধা বানানো হতো বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোসলেম উদ্দিন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে তারা মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানাতেন আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন। স্বাধীনতার ৫০ বছর পরও অনেকেই মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। মুক্তিযোদ্ধার নামে এদেশে রাজনীতি চলত, এটি চলতে থাকবে। বিগত সরকার নতুন নতুন মুক্তিযোদ্ধা সৃষ্টি করে গেছেন।’
বৃহস্পতিবার (৩ জুলাই) গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদ আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় মোসলেম উদ্দিন বলেন, ‘যারা ১৬ বছর ভারতের কথায় দেশ চালাতেন, তারা ভারতীয় রাজাকার। মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সম্পদ। যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদেরকে এ জাতি স্মরণ করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন সরদার।
এতে বক্তব্য রাখেন পরিষদের জেলা প্রধান উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহসভাপতি ও রংপুর অঞ্চল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এম এ সবুর, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে জেলার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
পরে নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় ২৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা করা হয়।
রফিক/পপি/