ভোলায় প্রায় ৭ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (৫ জুলাই) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ জুলাই) বিকেলে ৫টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক সদর থানার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা থেকে ভোলাগামী এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান তল্লাশি করে ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের ২০ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮৮৯ পিস আতশবাজি এবং ১৯ হাজার ৬০০ শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়।
পরে জব্দ করা জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরে ও অবৈধ বিদেশি সিগারেট বরিশাল কাস্টমস এবং আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নতি হয়েছে।
ইমতিয়াজ/রিফাত/