ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মো. ওয়াসিম মিয়া (২২) ও টাংগাব ইউনিয়নের বটতলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. ইকবাল হোসেন (৫০)। এরমধ্যে ওয়াসিম মিয়া অটোরিকশার যাত্রী ও ইকবাল হোসেন অটোরিকশার চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাংগাব এলাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অটোরিকশাটি কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে পাঁচবাগ এলাকা পর্যন্ত আসতেই দ্রুত গতিতে চলা ভালুকাগামী ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী ওয়াসিম ও চালক ইকবাল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকের চালক সোহানকে আটক করে ট্রাকসহ অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।’
কামরুজ্জামান মিন্টু/সুমন