গোপালগঞ্জের কাশিয়ানীতে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। এ সময় বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ সেবা দেওয়া হয়।
“দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” স্লোগান নিয়ে চলে এ ক্যাম্প।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাক কার্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।
এ সময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার, সাউথ ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মো. জামির আলী, জেলা সমন্বয়ক মো. আব্দুল্লাহ আল ফারুক, কাশিয়ানী ব্রাঞ্চের ম্যানেজার অরুপ দত্তসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।
এ ছাড়া যাদের চোখে ছানি রয়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে।
ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর যারা অবহেলিত, যারা দারিদ্রসীমার নিচে বসবাস করেন তাদেরকে এ সেবা দেওয়া হচ্ছে। এ ক্যাম্পে এক হাজার জনকে বিনামূল্যে সেবা দেওয়া হবে। এছাড়া তাদেরকে চশমা ও ওষুধ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে অপারেশন করে দেওয়ার ব্যবস্থা করা হবে।’
বাদল সাহা/নাঈম