মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুই দিন পর খিড়াই নদী থেকে মসজিদের ইমাম রফিকুল ইসলামের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে স্থানীয়রা খিড়াই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রফিকুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের ইমাম সাহেব রবিবার (১৪ সেপ্টেম্বর) ফজরের নামাজ পড়িয়েছেন। কিন্তু যোহরের নামাজে হাজির না হওয়ায় আমরা খোঁজ শুরু করি। আজ সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখি। বিষয়টি খুবই মর্মান্তিক।’
ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
আসাদ জামান/মৌসুমী/