চট্টগ্রামের কর্ণফুলীতে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) এলাকায় পাহাড় থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় চারজন চোরচক্রের সদস্যকে আটক করা হয়েছে। নিরাপত্তাকর্মীরা তাদের আটক করে শিল্প পুলিশের কাছে সোপর্দ করে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের কেইপিজেড পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে শিল্প পুলিশের পরিদর্শক সওকত হোসেন বাদী হয়ে মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন- শিকলবাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাফেজ ইব্রাহিম বাড়ির মো. দিদারুল আলম, বড়উঠান ইউনিয়নের দৌলতপুরের জলিল, একই এলাকার মো. ইসমাইল ও শাহমীরপুর কুলালপাড়ার মো. তারেক।
এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নসিমন ভ্যানগাড়ি, আকাশমনি গাছের খণ্ড, করাত ও দুটি লোহার হাসুয়া জব্দ করা হয়।
কেইপিজেড সূত্র জানায়, পরিবেশ ছাড়পত্র অনুযায়ী ২৪৯২ একর আয়তনের মধ্যে প্রায় ১৩০০ একর জমি সবুজ ও উন্মুক্ত রাখার শর্ত রয়েছে। এরমধ্যে প্রায় ৮২২ একর জমিতে রোপণ করা হয়েছে ২৫ লাখ গাছ। তবে বিভিন্ন সময়ে সংঘবদ্ধচক্র এ সব গাছ কেটে নেয়।
এ বিষয়ে জানতে কেইপিজেড নিরাপত্তা ইনচার্জ সৈয়দুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শিল্প পুলিশের পরিদর্শক সওকত হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামিরা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা এলাকায় চুরি ও ছিনতাইতেও জড়িত বলে জানা গছেে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আতিকুল/রিফাত/