ফরিদপুরের সদরপুরে ১০ টাকায় একটি ইলিশ মাছ পেল গরীব ও অসহায় মানুষ। বিশেষ উদ্যোগে প্রায় ছয়শত মানুষের মধ্যে নামমাত্র মূল্যে এই ইলিশ বিক্রি করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল হাইস্কুল মাঠে মুফতি রায়হান জামিলের পক্ষ থেকে এ মাছ বিক্রি করা হয়।
এ সময় ইলিশ মাছ কিনতে সদরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে গরীব-অসহায় মানুষ স্কুল মাঠে উপস্থিত হন। পরে প্রায় ছয়শত মানুষের মধ্যে প্রতি পরিবারের জন্য একটি করে ইলিশ মাছ বিক্রি করা হয়।
১০ টাকা মূল্যে ইলিশ মাছ পেয়ে গরিব-অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে। এ সময় ইলিশ মাছ কিনতে হাজারো মানুষ স্কুল মাঠে জড়ো হলেও সবাইকে ইলিশ মাছ দেওয়া সম্ভব হয়নি। পরে মানুষের মধ্যে ইলিশ নিয়ে হট্টগোল লেগে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন, ‘এই মুহূর্তে দেশের সবচেয়ে দামি মাছ ইলিশ। যে মাছটি কিনে খাওয়ার সামর্থ্য অনেকেরই নেই। সে চিন্তা থেকে আমি আমার এলাকার প্রায় ছয়শত অসহায় মানুষের হাতে প্রতি পিস ১০ টাকা মূল্যে ইলিশ মাছ তুলে দেওয়ার চেষ্টা করেছি। বিষয়টি একটি মানবিক উদ্যোগ, এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। মূলত আমার গরীব ভাই-বোনদের মুখে হাসি ফোটানোর জন্যই এ বিশেষ উদ্যোগ।’
তিনি আরও বলেন, ‘আমি নিজে গিয়ে বরিশাল থেকে ইলিশ মাছ এনেছি। আজ যারা ইলিশ পাননি তাদের জন্য পরবর্তীতে আবার ব্যবস্থা নেওয়া হবে।’
সঞ্জিব দাস/নাঈম