চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত থেকে এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকরাই। শুধু একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল বাসগুলো চলাচল করছে।
এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুদফা বাস বন্ধ করে দেন চালক, হেলপার ও সুপারভাইজাররা। এদিকে দূরপাল্লার বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দূরের গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।
মালিকপক্ষের দাবি, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা অযৌক্তিক দাবি সামনে এনেছেন যা মেনে নেওয়া সম্ভব না। শ্রমিকদের সঙ্গে না পেরে তারা নিজেরাই এবার বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন জানান, শ্রমিকদের দাবি-দাওয়ার ব্যাপারে গত মঙ্গলবার ঢাকায় তাদের সঙ্গে বসা হয়েছিল। তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারাও উপস্থিত ছিলেন। সভা সুন্দরভাবেই শেষ হয়। এরপর বাস চলাচলও শুরু হয়।
রতন বলেন, ‘এখন শ্রমিকেরা দূরপাল্লার বাস যেখানে সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাচ্ছে। খোরাকি ভাতা দাবি করছে। যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তুললে তো ব্যবসা করা যাবে না। এটা নিয়ে তাদের সঙ্গে নতুন করে বিরোধ। তারা বাস চালাবে না বলেছে। আমরাও বলেছি- ঠিক আছে, এভাবে বাস চালাতে চাই না। কয়দিন বসে থাকবে থাকুক।’
চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘গত রাতে মালিকরা তাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সেজন্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘মালিকরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী আমরা বাস চলাচল শুরু করেছিলাম। কিন্তু যে সিদ্ধান্তটা ছিল সেটা ২৫ সেপ্টেম্বর বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কিন্তু এরআগেই মাকিকরা তাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। কারণ ওই শ্রমিকদের দাবিগুলো তারা মনেপ্রাণে মেনে নিতে পারেনি।’
মো. আসাদুল্লাহ/সুমন/