সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূজামণ্ডপে উচ্চস্বরে ডিজে গান বাজানো নিষেধ করায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও মোটর মালিক গ্রুপের এক নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উল্লাপাড়া মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক বাদী হয়ে মামলা করেন।
মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন লাবলু ও মো. হাফিজসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী এএসআই ওমর ফারুক বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিরা ভবানী মন্দিরে উচ্চস্বরে ডিজে গান বাজানো হচ্ছিল। আমি মোবাইল ডিউটিতে ছিলাম। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভবানী মন্দিরে গিয়ে সাউন্ড কমাতে বলি। এ সময় সাইফুল ইসলাম বাবলু তার সঙ্গে থাকা লাবলুসহ বেশ কয়েকজন পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ কনস্টেবল সাগরের ওপর হামলা করে তারা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসএনএ/মেহেদী/