টঙ্গীর বিটিসিএল মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানির অপহরণ ও ১৩ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজ। এ সময় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে স্টেশন রোড এলাকায় অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। এ সময় ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
প্রতিবাদ সমাবেশ শেষে বিকেল সাড়ে তিনটার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
‘সর্বস্তরের মুসল্লি ও তৌহিদী জনতা’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন—গাজীপুর জেলা হেফাজতে ইসলামের আমির মুফতি মাসুদুল করিম, মাওলানা মুহিবুল্লাহ মাদানী, গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি, টঙ্গী অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুসল্লিরা।
এ সময় বক্তারা বলেন, ‘উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামে আইনজীবী, সিলেটে মসজিদের ইমামকে তারা হত্যা করেছে। গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনাও এ সংগঠনের প্ররোচনায় ঘটেছে। সর্বশেষ তারা মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে অপহরণ করে টঙ্গী থেকে পঞ্চগড়ে নিয়ে যায় এবং পথে তাকে অমানুষিক নির্যাতন করে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখে। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর প্রতিবেশী দেশের নোংরা হস্তক্ষেপের শামিল।’
বক্তারা দ্রুত ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা ও মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পলাশ/রিফাত/