ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় জেলা নাগরিক উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি সত্য প্রসাদ ঘোষ নন্দনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ-সভাপতি হাসান মাহমুদ মামুন, সাধারণ সম্পাদক শরিফুল করিম রুবেল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোমিন রতন, জেলা মোটর শ্রমিক নেতা আব্দুল জব্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিপু পাল প্রমুখ।
বক্তারা বলেন, 'দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ে উন্নত চিকিৎসা, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত। আধুনিক চিকিৎসা সুবিধার অভাবে ঠাকুরগাঁও সদর হাসপাতালের রোগীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়, যা ঝুঁকিপূর্ণ ও ব্যয়সাপেক্ষ।'
তারা আরও বলেন, 'খাদ্যে উদ্বৃত্ত জেলা হয়েও ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক ভারী শিল্প বা ইপিজেড গড়ে না ওঠায় কর্মসংস্থানের সুযোগ কমছে এবং বেকারত্ব বাড়ছে। এছাড়া ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু হলে নেপালের ভদ্রপুর ও বিরাটনগর বিমানবন্দরের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ স্থাপন সম্ভব হবে, যা পর্যটন ও বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।'
বক্তারা অবিলম্বে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, কৃষিভিত্তিক ইপিজেড, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর জোর দাবি জানান।
নবীন/রিফাত/