জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার পথে শ্যালো ইঞ্জিন চালিত এক ভটভটিকে আরেক ভটভটি ওভারটেক করার সময় দুর্ঘটনায় অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের হরেন্দা রুনিহারী এলাকায় এ দুর্ঘটনা। স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আলোচনা ও র্যালির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি করে আসছেন নেতাকর্মীরা। পথে হরেন্দা রুনিহারী এলাকায় এক ভটভটিকে আরেক ভটভটি ওভারটেক করার সময় ধাক্কা লেগে উল্টে যায়। এতে দুই ভটভটিতে থাকা অন্তত ৩৫ জন আহত হয়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ১০ জনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ও গুরুতর অবস্থায় ২ জনকে বগুড়া পাঠানো হয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, হরেন্দা এলাকায় এক ভটভটিকে আরেক ভটভটি ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশকিছু নেতা আহত হয়েছেন।
সাগর কুমার/এসএন