টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযানে মানব পাচারকারীসহ নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুইজনকে আটক করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়ায় সাগর পথে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গত সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২৫ জন ভুক্তভোগী-নারী ও শিশুসহ উদ্ধার করা হয় এবং ২ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সংঘবদ্ধ পাচারকারী চক্রগুলো উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন ও অল্প খরচে বিদেশ যাত্রার আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল। তারা বন্দিদের নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টাও চালাচ্ছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধার করা ব্যক্তিদের এবং আটকপাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।
শাহীন/মেহেদী/