মাদারীপুরের শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে স্থানীয় বেসরকারী সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদে এ কর্মসুচি পালন করা হয়।
এ সময় বাঁশকান্দি ইউনিয়নের ৭টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভী বিতরণ ও উপকার ভোগীদের গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান।
ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদলের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, এবিএম সৌরভ রেজা শিহাব।
এ সময় বাঁশকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা দুলাল চন্দ্র মৃধা, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আজ আমি এখানে আসার পর জিজ্ঞেস করেছি যে, এই গাভীগুলো কিভাবে দেওয়া হবে? যারা পাবে তাদের কী মাসিক কিস্তি দিতে হবে কিনা? তখন জানলাম পুরোটাই স্বেচ্ছাসেবীরা দিচ্ছেন। আপনারা যারা এই গাভীগুলো পাচ্ছেন তারা এটাকে নিয়ে ভাগ্য উন্নয়নে কাজ করবেন। কেউ বিক্রি করবেন না। এটা আপনারা যারা দায়িত্বে আছেন তারা তদারকি করবেন। গাভীটি আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করবে। আর গাভীটির শারিরীক কোনো সমস্যা হলে আমাদের এখানে প্রানীসম্পদ অফিসার আছেন তিনি আপনাদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন।
উল্লেখ্য, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) একটি স্থানীয় স্বেচ্ছাসেবী (NGO) সংগঠন যারা ১৯৮৫ সাল থেকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে।
রফিকুল ইসলাম/নাঈম