দেশব্যাপী বিভিন্ন দরবার শরীফ, মাজার সংশ্লিষ্ট মসজিদে হামলা ও সূফী, পাগল ফকির হত্যার প্রতিবাদে এবং বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সার্বজনীন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা এগারোটা দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন আয়োজন করে কিশোরগঞ্জের সকল বাউল ও শিল্পী সমাজ।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কিশোরগঞ্জের সভাপতি বাউল হারিছ, শানে পাঞ্জাতন মহরম জারী দলের পরিচালক বাউল মান্নান, বাউল কিবিরিয়া খোকন, মাসুদুর রহমান মিলন, জেলা যুবদলের সহ-সভাপতি রকিবুল হাসান ফয়সাল।
এছাড়াও উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন তরফীয়া দরবার ও মাজার শরীফের সাজ্জাদনশীন সৈয়দ ইয়াছিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উদীচীর সাধারন সম্পাদক বাবুল রেজা, বাপা সভানেত্রী এড. হামিদা বেগম, মহিলা পরিষদ নেত্রী কামরুন্নাহার।
মানববন্ধনে বক্তারা বাউল আবুল হোসেন সরকারের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ যে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদারীপুরে একটি গানের অনুষ্ঠানস্থল থেকে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাসলিমা আক্তার মিতু/এসএন