কক্সবাজারের টেকনাফের লেদা এলাকায় রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত ব্যবসায়ী নুরুল ইসলাম মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল চারটার দিকে অপহরণকারীরা তাকে পাহাড়ের পাদদেশে আহত অবস্থায় ফেলে যায়। পরিবার জানিয়েছে, বড় অঙ্কের অর্থ পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
গত ২০ নভেম্বর রাতে একদল অস্ত্রধারী নুরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে ও ভাঙচুর করে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ ও যৌথবাহিনীর অভিযানেও তাকে ফেরত দেয়নি সন্ত্রাসীরা। প্রথমদিকে অপহরণকারীরা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও চূড়ান্ত কত টাকায় মুক্তি মিলেছে, পরিবার তা জানাতে রাজি হয়নি।
নুরুল ইসলামের ছেলে কামাল হোসাইন জানান, মোটা অঙ্কের টাকা দিয়ে বাবাকে ফেরত আনতে হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। তিনি এখন আহত ও দুর্বল। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলেন, রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা নুরুল ইসলামকে তুলে নিয়ে যায় এবং পরে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় বলে শুনেছি।
টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত (ডিআইজি) কাউসার সিকদার বলেন, অপহৃত ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মুক্তিপণের বিষয়টি জানা নেই। প্রাথমিকভাবে জানা গেছে জমি এবং ব্যাবসায়িক বিরোধকে কেন্দ্র করেই এই অপহরণের ঘটনা ঘটেছে।
শাহীন/মেহেদী/