মুন্সীগঞ্জের গজারিয়ায় হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের টহলরত দুটি গাড়িতে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন— গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আহসান হাবিব ও কনস্টেবল নয়ন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি টহল গাড়ি বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টহলরত গাড়ি দুটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের দুটি গাড়িই মহাসড়কের ওপর উল্টে যায় এবং হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব ও কনস্টেবল নয়ন আহত হন।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটির চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল সিকদার জানান, টহলরত দুটি গাড়ি মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় একটি কাভার্ডভ্যান সজোরে গাড়ি দুটিকে ধাক্কা দিলে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের গাড়ি উল্টে যায়। এতে হাইওয়ে পুলিশের এক সার্জেন্ট ও এক কনস্টেবল আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার পর যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেহেদী/