চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
ওই যুবদল নেতার নাম- আ জ ম সোহেল (৪০)। সোহেল নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহরের বাসিন্দা। তিনি নগরীর ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব।
জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। তিনি পতেঙ্গা সী-বিচ এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নিজেই প্রাইভেটকার ড্রাইভ করছিলেন। গাড়িতে অন্য কেউ ছিল না। সামনে থাকা একটি চলন্ত লরির পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সোহেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গাড়ি থেকে বের করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোহেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএন/