চাপাইনবাবগঞ্জের চরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী তিনশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি।
আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩-বিজিবি) উদ্যোগে কম্বল বিতরণ করেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।
রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক ও অস্ত্র পাচার রোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিকে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সেক্টর কমাণ্ডার সৈয়দ কামাল হোসেন বলেন, অস্ত্র চোরাচালান প্রতিরোধে সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। যে দিক দিয়েই অস্ত্র আসুক না কেন তা দেশের নিরাপত্তার জন্য হুমকি।
বিজিবির সেক্টর কমাণ্ডার আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি নির্বাচনেও দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান।
আসাদুল্লাহ/মাহফুজ