ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর সময়সীমা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দাউদকান্দিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল গরম গরম শিঙাড়া বিশ্ব ব্রেইন টিউমার দিবস আজ, জানুন এর বিভিন্ন দিক চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা হাজার বছরের রহস্য, উত্তর মিলল পায়রার যকৃতে! জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান তেল আবিবের হামলায় পাল্টা আক্রমণ তেহরানের আজকের মুদ্রার বাজার: ৮ জুন, ২০২৬ ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে রাষ্ট্রীয় কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. তোজাম্মেল হোসেন
Nagad desktop

১৬ বছরের গুম–খুনের পুনরাবৃত্তি রুখতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান ড. আলী রীয়াজের

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
১৬ বছরের গুম–খুনের পুনরাবৃত্তি রুখতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান ড. আলী রীয়াজের
বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। ছবি: খবরের কাগজ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শাসনামলে গুম, খুনসহ নানা ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে। ভবিষ্যতে যেন এমন অপরাধের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

রোববার (১১ জানুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ড. আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থার একটি রূপরেখা। এখানে মতের পার্থক্য থাকতেই পারে। তবে দেশের বৃহত্তর কল্যাণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছরে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষকে গুম, খুন ও নির্যাতনের শিকার করা হয়েছে। এ ধরনের রাষ্ট্রীয় অপরাধ আর যেন না ঘটে, সেটাই এই গণভোটের মূল লক্ষ্য।”

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত না হলে খুনি ও মাফিয়া ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে আসতে পারে। তিনি অভিযোগ করেন, তারা দেশ থেকে পাচার করা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন বলেন, “দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করা আমাদের সবার দায়িত্ব।” 

সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম এবং বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মওলানা আবদুল হাই নিজামী।

মঈনুল ইসলাম সবুজ/এসএন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:২১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।

এরা হলেন সরাইল উপজেলার শাহবাজুরের আরস আলী মুন্সি (৭০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার উদ্দেশ্যে রওনা হয়। বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপ দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।

আজিজুল/আমান

ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:২৩ পিএম
ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাবাসী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযুক্তকে পুলিশে দেন।

রবিবার (৭ জুন) বিকেলের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রুবেলের বাড়ি উপজেলার কুল্লা ইউনিয়নে। তিনি পেশায় অটোরিকশাচালক এবং মাদকাসক্ত বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। শিশুর চিৎকারে প্রতিবেশী এক নারী ও তার শ্বশুর এগিয়ে আসলে শিশুটি লম্পটের হাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে মারধর করে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

রুহুল আমিন/খাদিজা রুমি/

গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মঞ্জু। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জু (৩৩) নামে এক জনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মঞ্জু স্থানীয় আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার পৈতৃক নিবাস গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে হলেও তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে গিয়ে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। শিশুটির মা বিষয়টি দেখে ফেলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মঞ্জুকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছেন। আজ সকালে ডিউটি শেষে তিনি নয়াকান্দি গ্রামে হাঁটতে বের হয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে। তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা করা হবে।’

সুমন/অন্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০১ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ
বিজয়নগরে বিজিবির অভিযানে জব্দকৃত ৬ টন ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থেকে বিজিবির অভিযানে ছয় টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি টহল দল ভোরে ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৬ টন জিরাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করে। জব্দ করা জিরা ও কাভার্ডভ্যানটি আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকার সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আজহার/

কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৫০ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:০০ পিএম
কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাউজানে কাফনের কাপড়ে রক্তের দাগ দেখে সিরাজ উদ্দৌলা দুলালের (৫০) জানাজা স্থগিত করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ননা হাজী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর সুন্নিয়া মাদরাসা-সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন দুলাল। রবিবার সকালে নগরীর ওই বাসায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে দুপুর ২টার দিকে কাফনে মোড়ানো মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি রাউজানের পূর্বগুজরায় আনা হয়।

জানাজার প্রস্তুতির সময় উপস্থিত লোকজন কাফনের কাপড়ে অতিরিক্ত রক্তের দাগ দেখতে পান। এতে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয়রা দাফন কার্যক্রম স্থগিত করে পুলিশকে জানান।

স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়েছিল। কিন্তু জানাজার ঠিক আগে লাশ খাটিয়ায় তোলার সময় কাফনের কাপড়ে অতিরিক্ত রক্ত দেখা যায়। এতে সবার মনে সন্দেহ সৃষ্টি হলে দাফন বন্ধ করে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ভগ্নিপতি মো. ইউসূফ বাবুল অভিযোগ করে বলেন, সম্প্রতি সিরাজউদ্দৌলাকে তার স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছিলেন। পরে তিনি এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। এরপর আবার নিজের বাসায় ফিরে যান। তার মাথায় তিনটি কোপের চিহ্ন রয়েছে। এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানাই।

তবে নিহতের স্ত্রী জাহেদা বেগম দাবি করেন, তার স্বামীর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। তার ভাষ্য, মৃত্যুর দুই দিন আগে চেয়ার থেকে পড়ে গিয়ে তিনি সামান্য আঘাত পেয়েছিলেন।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৯টার দিকে মরদেহ উদ্ধার করেন।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, মূল ঘটনাটি চট্টগ্রাম নগরী এলাকায় ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিদারুল আলম/তামান্না রুপা/