মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতীবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। এতে দুপুর দেড়টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), আব্বাস তালুকদারের স্ত্রী কহিনুর বেগম এবং একই ইউনিয়নের পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার। আহত রনি খান একই ইউনিয়নের তাঁতীবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে একটি ভ্যানে তাঁতীবাড়ির উদ্দেশে রওনা হন তারা। এ সময় ঢাকা থেকে বরিশালগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে তাসলিমা বেগমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, ‘কাভার্ডভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের যাত্রী ছিলেন। খবর পেয়ে সেখানে গিয়ে আমরা উদ্ধারকাজ সম্পন্ন করি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা কাভার্ডভ্যানের চালককে আইনের আওতায় আনার চেষ্টা করব।’
রফিকুল/এসজি/