ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ এলাকায় তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি ড্রেজার মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
শনিবার (১৪ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
অভিযানে আখাউড়া থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।
সহকারী কমিশনার খবরের কাগজকে বলেন, তিতাস নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা মনে করছেন, তিতাস নদীর অস্তিত্ব রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত হলে অবৈধ মাটি উত্তোলন অনেকটাই কমে আসবে। নদী বাঁচলে বাঁচবে প্রকৃতি, বাঁচবে মানুষের জীবনযাত্রাও।
জুটন বনিক/অমিয়/