ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ চার বছর বয়সী এক শিশুর মরদেহ প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই শিশুর নাম মরিয়ম আক্তার (৪)। তিনি একই গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১টা থেকে মরিয়মকে পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে পরিবারের লোকজন দিনভর খোঁজাখুঁজি করেন। ইফতারের আগমুহূর্তে এক প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের চুলার ভেতরে শিশুটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় ওই প্রতিবেশী সাদ্দাম মিয়া ও তার ছেলে ইয়াছিন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত মরিয়মের মামা হাবিবুর রহমান বলেন, মরিয়ম আক্তারের গলায় ১২ আনা ওজনের রুপার একটি চেইন ছিল। আমার ধারণা, নেশার টাকার জন্য সেই চেইন ছিনিয়ে নিতে চেষ্টা করে ওই কিশোর। তখন শিশুটি কান্না শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করে নিজেদের রান্নার চুলার ভেতর ঢুকিয়ে রাখে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, শিশুটির গলায় থাকা রুপার চেইনের জন্য হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর ইয়াছিন মিয়া ও তার বাবা সাদ্দাম মিয়াকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/সুমন/