ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাংক থেকে ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামীয় একটি পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান চালানো হয়। অভিযানে দুটি ট্যাংক ও দুটি গাড়িতে জ্বালানি মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। তিনি বলেন, অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৪৫ হাজার ০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত পাম্প মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে মজুদকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, জ্বালানী তেলের অবৈধ মজুদ রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান/মাহফুজ