পটুয়াখালীতে নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোসা. জান্নাতি আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলখালী গ্রামে একটি গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জান্নাতির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ শেষে পরিবারের অন্যান্য সদস্যদের মতো পাশের কক্ষে ঘুমাতে যান জান্নাতি। তবে রাতের কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে যায়, যা পরিবারের কেউ টের পায়নি। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে আনুমানিক সকাল ৭টার দিকে বাড়ির পেছনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের মা নিলু বেগম বলেন, ‘জান্নাতি রাতে কখন ঘর থেকে বের হয়েছে আমরা দেখি নাই। আমাদের পাশেই পর্দার কাপড় টানিয়ে ঘুমিয়ে ছিল। ফজরের সময়ও আমরা ওর জুতা দেখছি বিছানার নিচে। কিন্তু আমরা দেখিনি ঘরে ছিল কি না। পরে সকালে খোঁজ না পেয়ে ৭টার দিকে দেখতে পাই ওইখানে ওর মরদেহ। যেখানে আমরা ওর মরদেহ পাইছি, আমার মেয়ে এর আগে জীবনেও ওই জায়গায় যায়নি।’
নিলুফা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করেনি ওরে হত্যা করা হয়েছে। আমাদের জমিজমা নিয়া ঝামেলা আছে। সেই শত্রুপক্ষেরই কেউ এমনটা করছে। আমরা এর বিচার চাই।’
নিহতের নানি বলেন, ‘আমরা এসে দেখি মরদেহ ঝুলন্ত অবস্থায় আছে। কিন্তু মরদেহ যেভাবে ঝুলে আছে তাতে এটা আত্মহত্যা মনে হয় না। জান্নাতির পা মাটিতে লেগে আছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।’
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খবরের কাগজকে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি হ্যাংগিং (ঝুলন্ত) অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
হাসিবুর রহমান/নাঈম