মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। তবে দুর্ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিহত ওই শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করা যায়নি।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার কুডিব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট বন্দর থেকে একটি মাহিন্দ্রা গাড়িতে করে নিজ গন্তব্যে ফিরছিলেন ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্র। পথিমধ্যে আলমদস্তা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ছাত্রের বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর। তার পরনে মাদ্রাসার পোশাক ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে হাইওয়ে পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে। তবে নিহতের মাথায় গুরুতর আঘাত থাকায় মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
রফিকুল ইসলাম/নাঈম