চট্টগ্রামের বাঁশখালীতে পেকুয়া-চট্টগ্রাম রুটে এসআর বাস সার্ভিসের একটি বাস আটকে যাত্রী নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। গত রবিবার সকালে পুঁইছড়ি এলাকায় এই হয়রানির ঘটনা ঘটে।
রুট পারমিট ও যাত্রী পরিবহন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি ও যাত্রীদের দুর্ভোগ নিয়ে এলাকায় ত্রিমুখী উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বাঁশখালীর পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় পৌঁছালে একদল যুবক বাসটির গতিরোধ করে। তারা নিজেদের বাঁশখালী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোক পরিচয় দেয়। তারা বাসটি আর সামনে যেতে পারবে না বলে জানায়। একপর্যায়ে বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়া হয়। হঠাৎ এই ঘটনায় তীব্র গরমের মধ্যে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
ভুক্তভোগী যাত্রী মোহাম্মদ রাকিব জানান, কিছু বুঝে ওঠার আগেই বাস থেকে তাদের নামিয়ে দেওয়া হয়। এতে মালামালসহ তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। পরে বাধ্য হয়ে লোকাল সিএনজি ও ছোট যানবাহনে করে চট্টগ্রামে পৌঁছাতে হয়।
২০২৪ সালেও বাঁশখালী সড়কে স্থানীয় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে এসআর বাস সার্ভিসকে আটকে দেওয়ার অভিযোগ রয়েছে।
এসআর বাস সার্ভিসের পরিচালক আনোয়ার হোসাইন বলেন, ‘আমরা গাড়ি স্বল্পতার কারণে পেকুয়া মগনামা ঘাট থেকে চট্টগ্রাম রুটে মাত্র দুটি এসি বাস চালু করেছি। ভাড়াও নন-এসি থেকে মাত্র ৪০ টাকা বেশি। আমাদের এসি বাস সার্ভিসের কারণে যাত্রীরা বেশ আনন্দিত। তারা এই সার্ভিসকে সাদরে গ্রহণ করেছেন।’
তিনি আরও বলেন, ‘বাঁশখালীতে আমাদের কোনো কাউন্টার নেই। ফলে বাঁশখালীতে যাত্রী ওঠা-নামারও সুযোগ নেই। তবুও কেন তারা আমাদের বাস সার্ভিস আটকে হয়রানি করছেন তা বোধগম্য নয়।’
এদিকে বাঁশখালী বাস মালিক সমিতির সেক্রেটারি নাজিম উদ্দীন জানান, এসআর বাস সার্ভিস চালুর সময় কথা ছিল তারা বাঁশখালীর যাত্রী পরিবহন করবে না। এখন তারা দেদার বাঁশখালীর যাত্রী পরিবহন করছে। তার ওপর এসি বাস চালু করেছে। এতে করে বাঁশখালীর পরিবহন মালিক-শ্রমিকরা হুমকির মুখে পড়েছেন। এ অবস্থায় শ্রমিকরা বাধ্য হয়ে এসি বাস সার্ভিস আটকে দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের মধ্যস্থতায় আগের বৈঠকগুলোতে হওয়া চুক্তি ভঙ্গ করে এসআর বাস সার্ভিস বাঁশখালী সড়কে যাত্রী ওঠানামা করছে।
বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, ‘বাঁশখালী-পেকুয়া সীমান্ত এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এই বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।’