যশোরের অভয়নগর উপজেলায় দোকানের জন্য ঘর ভাড়া না দেওয়ায় আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে অভয়নগরে শিল্পশহর নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করে শাহ মাহামুদ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোরে মৃত্যু হয় তার।
স্থানীয়রা জানান, নওয়াপাড়া বাজারে আনিছুর রহমানের একটি বহুতল মার্কেট রয়েছে। অভিযুক্ত শাহ মাহামুদ ওই মার্কেটের দোকান ভাড়া নিতে চাইলে আনিছুর রহমান রাজি হননি। এর জেরেই শাহ মাহামুদ তার ওপর হামলা করে।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা।
এদিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুপুর ১২ টার দিকে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। গ্রেপ্তার অভিযান চলছে।
তুহিন/ আমান