ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর বন্ধুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে আরও সুদৃঢ় হবে।’
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত যোগব্যায়াম কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাগত বক্তব্যে মনোজ কুমার আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘যোগব্যায়াম কেবল শরীরচর্চার একটি মাধ্যম নয়; এটি শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের একটি কার্যকর পদ্ধতি। তিনি যোগব্যায়ামের ইতিহাস, দর্শন এবং বিশ্বব্যাপী এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আয়োজনে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রিফাত/