গাজীপুর মহানগরীর কাশিমপুরে আলোচিত মতিন অপহরণ মামলায় এস. কে. রানা ওরফে সোহেল রানা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এস. কে. রানা ওরফে সোহেল রানা গাজীপুর মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং ওই ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ দুপুরে মহানগরীর সুরাবাড়ী এলাকা থেকে মতিন নামের এক ব্যক্তিকে অপহরণ করে একটি চক্র। অপহরণের পর তাকে একটি সাদা প্রাইভেটকারে করে সারদাগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।
এ সময় অন্য একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই এলাকায় অভিযান পরিচালনা করছিলেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা মো. খালিদ হোসেন। অভিযানের সময় একটি নির্জন স্থানে সন্দেহজনকভাবে অবস্থানরত একটি প্রাইভেটকার ও কয়েকজন ব্যক্তিকে দেখে পুলিশ ধাওয়া দেয়। একপর্যায়ে অপহৃত মতিনকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মতিন পুলিশকে জানান, অপহরণকারীরা তাকে মুক্তি দেওয়ার শর্তে পরিবারের কাছ থেকে দ্রুত ১০ লাখ টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করছিল। তবে পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।
ঘটনার পর কাশিমপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বিল্লাল দেওয়ানকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে জানা গেছে।
মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) রাতে হাতীমারা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে কাশিমপুর থানা পুলিশ।
এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পৃথক আরও দুটি মামলার দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পলাশ প্রধান/রিফাত/