চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবাসহ উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দীন সুমনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ আস্তানা থেকে আটক করে যৌথবাহিনী।
এ সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক সালাউদ্দীন সুমন উপজেলা কৃষকদলের আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নির্বাচনি সমন্বয় কমিটির একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
পরে ইয়াবাসহ তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
এর আগে সালাউদ্দিন সুমনের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানান বিতর্ক সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ভোররাতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
আতিকুল হা-মীম/অমিয়/