নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় আরেক যুবককে আটক কারা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় মাদকাসক্ত যুবক মনির হোসেন হিরো ও সোহেল শিশুটিকে ডেকে নিয়ে নির্যাতন করেন। কিছু সময় পর শিশুটির অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। পরে তাকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনির হোসেন হিরোকে ধরে গণপিটুনি দেন। এ সময় পালিয়ে যান সোহেল। পরে তাকে আটক করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম খবরের কাগজকে বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে গিয়ে আহত অভিযুক্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই আটক করা হয় সোহেলকে। শিশু ধর্ষণের অভিযোগে মামলাসহ বিষয়টি তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিল্লাল হোসাইন/অমিয়/