নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে ইমন নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মাসদাইর এলাকার বাড়ি থেকে তাকে ডেকে গুদারাঘাট এলাকার হাজির মাঠে নিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, নিহত ইমন মাদক মামলায় প্রায় তিন মাস জেলে থাকার পর সোমবার বিকেলেই জামিনে বের হয়েছিলেন।
ইমন শেখ (২৯) মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ইমন একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। জামিনে বেড়িয়ে বাড়িতে আসার পর রাত ৯টার দিকে তাকে ফোন করে গুদারাঘাট এলাকার হাজির মাঠে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের বাবা ওমর খৈয়াম জানান, ইমনের সঙ্গে জাহিদ নামে এক যুবকের দ্বন্দ্ব ছিল। তারাই ইমনকে মাদকসহ গ্রেপ্তার করিয়েছিল। জাহিদরাই রাতে ইমনকে ডেকে নিয়ে হত্যা করেছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, নিহত ইমন মাদক মামলায় প্রায় তিন মাস জেলে থাকার পর সোমবার বিকেলে জামিনে বের হন। পরে রাতেই তাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, মাসদাইর এলাকায় মাদক কারবার নিয়ে স্থানীয় জাহিদ গ্রুপের সঙ্গে ইমনের বিরোধ ছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড। ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করে এই তথ্য পাওয়া গেছে। হত্যায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
বিল্লাল হোসাইন/অমিয়/