আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে গতকাল রবিবার (১৬ মার্চ) অনলাইন রিটার্ন দাখিলে ‘ই-রিটার্ন সিস্টেম এর সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নির্ধারণ’ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
এ বছর অনলাইন রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায়। ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৪ লাখ ৯৬ হাজার ৪৭৬ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন। একই সময়ে ১৮ ণাখ ৯০ হাজার ৩০৫ জন করদাতা অনলাইন রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করেন। আগামী অর্থবছর থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করার পূর্বপ্রস্তুতি হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম আবুল কালাম কায়কোবাদ, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব বোর্ড। কর্মশালায় অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি চাকরিজীবী, পেশাজীবী, সব তফসিলি ব্যাংকের প্রতিনিধি, মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছয়টি বহুজাতিক কোম্পানির প্রতিনিধি, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন, দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের প্রতিনিধিরা। এ ছাড়া ঢাকার কর অঞ্চলগুলোর কর কমিশনার ও মহাপরিচালরা এবং জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ঝামেলা মুক্ত এবং সময়সাশ্রয়ী হওয়ায় কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। অনলাইন রিটার্ন ব্যবস্থা চালু হওয়ার ফলে রিটার্ন নিয়ে মানুষের মধ্যে যে ভীতি কাজ করত, তা অনেকাংশ দূর হয়েছে বলে আলোচকরা উল্লেখ করেন। আয়কর রিটার্ন শতভাগ অনলাইন হলে রিটার্ন দাখিলের হার অনেক বেড়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ই-রিটার্ন সিস্টেমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সিস্টেমের আপগ্রেডেশনের জন্য মতামত ও পরামর্শ দেন। কর্মশালায় সভাপতিত্ব করেন আবু হান্নান দেলওয়ার হোসেন, সদস্য (কর তথ্য ও ব্যবস্থাপনা সেবা), জাতীয় রাজস্ব বোর্ড।