রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক অফ-ফর্মে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন তার জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলে। পিএসজির এই ফরোয়ার্ডের মতে, এমবাপ্পেকে নিয়ে সমালোচনা এখন ‘সব সীমা ছাড়িয়ে গেছে’ এবং এটি সম্পূর্ণ ‘অন্যায়’।
২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে বেশ কঠিন সময় পার করছেন এমবাপ্পে। অন্যদিকে, তার সাবেক ক্লাব পিএসজি এই সময়ের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। সেই দলের মহানায়ক দেম্বেলে।
এমবাপ্পে স্পেনে ব্যক্তিগতভাবে উজ্জ্বল থাকলেও লা লিগা ও ইউরোপীয় মঞ্চ উভয় জায়গাতেই ক্লাবকে উঁচুতে রাখতে পারছেন না। ফলস্বরূপ সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের সমর্থকদের বেশ কয়েকবার দুয়োধ্বনি শুনতে হয়েছে ফরাসি স্ট্রাইকারকে। এমনকি তাকে ক্লাব থেকে তাড়ানোর জন্য করা একটি অনলাইন পিটিশনেও স্বাক্ষর করেছে লাখ লাখ মানুষ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, ‘তাকে (এমবাপ্পে) নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, তা সম্পূর্ণ অন্যায্য। কিলিয়ানের ওপর কিছু মানুষ বড্ড বেশি মানসিক অত্যাচার চালাচ্ছে।’
দেম্বেলে আরও বলেন, ‘সে মাঠের ভেতরে একজন অসাধারণ খেলোয়াড় এবং মাঠের বাইরেও দারুণ একজন মানুষ। শুধু সে কিলিয়ান এমবাপ্পে বলেই অনেকে সমালোচনার মাত্রা বাড়িয়ে দেয়। মানুষের উচিত তাকে এভাবে লক্ষ্যবস্তু বানানো বন্ধ করা।’
এমবাপ্পের ওপর থাকা মিডিয়া ও সমর্থকদের সার্বক্ষণিক নজরদারির ক্ষোভ প্রকাশ করে দেম্বেলে বলেন, ‘সে জুতার ফিতা বাঁধল কি বাঁধল না, মোজা টেনে তুলল কি তুলল না। সবকিছু নিয়েই মাতামাতি হয়। এটা সত্যিই অতিরিক্ত। দিনশেষে সে-ও একজন মানুষ। ফ্রান্স দলের হয়ে সে আমাদের সঙ্গে দারুণ খেলে, সে আমাদের একজন যোগ্য অধিনায়ক।’